এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া বহাল রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না, চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘যোগ্যতা নিয়ে গড়িমসি চলবে না’, ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ এবং ‘কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে’—সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন।

সমাবেশে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নষ্ট হবে এবং মেধাবীদের মূল্যায়ন বাধাগ্রস্ত হবে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগের কথা উল্লেখ করে তারা বলেন, আমরা সেই পুরনো দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি আর ফিরিয়ে আনতে চাই না।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, এই পদ্ধতির মাধ্যমে মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। বেরোবির আরেক শিক্ষার্থী শামসুর রহমান সুমন যোগ করেন, অতীতে কমিটিকে টাকা দিয়ে নিয়োগ পাওয়ার যে সংস্কৃতি ছিল, তা আবার ফিরে আসার কোনো সুযোগ নেই। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এনটিআরসিএ-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।