নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত সহযোগী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের অফিসে কাজ শেষ করে সহযোগী সেন্টুকে নিয়ে বের হন। তারা হাঁটতে হাঁটতে হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়।

আহত ইয়াছিন সেন্টুকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর বেগমগঞ্জ থানা পুলিশ ও নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত পুলিশ বা ভুক্তভোগী কেউই এই হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি।

কন্টেন্ট: সংগৃহীত