প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে কে-পপ ব্যান্ড বিটিএসের দুই দিনের কনসার্টে রেকর্ড ৯২ হাজার দর্শক উপস্থিত হয়ে নতুন ইতিহাস গড়েছে। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁও উপস্থিত ছিলেন।
কনসার্টে মাখোঁ দম্পতিকে বিটিএসের লাইটস্টিক হাতে দেখা যায়। পরে প্রেসিডেন্ট মাখোঁ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনসার্টের একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘প্যারিসে স্বাগতম।’
বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট। গত মার্চে অ্যালবামটি প্রকাশের পর এই সফর শুরু হয়। ২০১৯ সালের পর এই প্রথম প্যারিসে কনসার্ট করল বিটিএস। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের আশপাশে হাজারো ভক্ত জড়ো হন। বিটিএসের রঙের পোশাক, ব্যাগ ও নানা অনুষঙ্গ নিয়ে তাঁরা অপেক্ষা করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট ও কি-রিং অন্যদের উপহার দেন।
কনসার্ট শুরু হয় ‘হুলিগান’ গান দিয়ে। এরপর একে একে পরিবেশন করা হয় ‘নট টু ডে’, ‘আইডল’, ‘বাটার’, ‘ডায়নামাইট’সহ আরও অনেক জনপ্রিয় গান। বিটিএসের গান উপভোগ করতে এসেছিলেন বিভিন্ন বয়সের মানুষ। তরুণীদের পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী ভক্তরাও ছিলেন।
কনসার্ট শেষে বিটিএসের সদস্যরা ফরাসি ও কোরিয়ান ভাষায় ভক্তদের ধন্যবাদ জানান। জিমিন বলেন, ‘এটাই আমাদের ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের কনসার্ট।’ আরএম ফরাসি ভাষায় প্যারিসের দর্শকদের প্রশংসা করেন। জে-হোপ বলেন, প্যারিস হলো সেরা আর্মিদের (বিটিএস ভক্তদের) শহর। সুগা মনে করিয়ে দেন, ২০১৯ সালে একই স্টেডিয়ামে কনসার্ট করেছিল বিটিএস এবং এবারের আয়োজন আগের চেয়ে অনেক বড়।
বিটিএসের এই আয়োজন নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লে মঁদও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পরও দলটি আরও শক্তিশালী হয়ে ফিরেছে। প্যারিসের পর বিটিএস যুক্তরাষ্ট্রে যাবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতেও দলটির অংশ নেওয়ার কথা রয়েছে।

