রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে রফিকুল ইসলাম নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থান পরিবহনের একটি বাস কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে থামানোর চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাসের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালও ভেঙে যায়।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তানভীর হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় বাসে থাকা শিশুসহ আরও দুইজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসচালককে আটক করেছে।

