আর্জেন্টিনার বিপক্ষে অঘটনের স্বপ্ন দেখছে কেপ ভার্দে

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে। শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। তার বিশ্বাস, সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারলে লিওনেল মেসিদের হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সম্ভব। শনিবার ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনো সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়া কেপ ভার্দে শক্তির বিচারে পিছিয়ে থাকলেও লড়াইয়ের আগেই হার মানতে রাজি নয়।

‘বুবিস্তা’ নামে পরিচিত কোচ ব্রিতো নিজের দলের ওপর অগাধ আস্থা রেখে বলেন, আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাহস নিয়ে খেলবো এবং শেষ পর্যন্ত লড়াই করবো। তিনি আরও যোগ করেন, আমরা চাই খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করুক, তবে একই সঙ্গে পুরো মনোযোগ ধরে রেখে পরের পর্বে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করুক। আমরা জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলার সক্ষমতা আমাদের আছে। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকলেও বিশ্বকাপে তিন ম্যাচে ছয় গোল করা লিওনেল মেসি এই ম্যাচে একাদশে ফিরছেন। তবে ব্রিতোর কৌশল শুধু মেসিকে থামানো নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করা। তিনি বলেন, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমাদের কৌশল শুধু মেসিকে ঘিরে নয়, পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষেই আমরা খেলবো।

মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ এইচ থেকে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের চমক দেখানোর উদাহরণ টেনে ব্রিতো মনে করেন, এবারও অঘটন ঘটতে পারে। তিনি বলেন, ছোট দলগুলো প্রমাণ করেছে তথাকথিত বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করা সম্ভব। আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি এবং শেষ তিন ম্যাচে দেখিয়েছি সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে আমরা সচেতন, তবে আমাদেরও একটি স্বপ্ন আছে।