শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার ভুল করেছি: চরমোনাই পীর

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর, চরমোনাই) বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানরা এতিম হয়েছে এবং নারীরা বিধবা হয়েছেন। জাতির ইতিহাসে এসব ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।

চরমোনাই পীর আরও বলেন, জুলাই মাসে যে সুযোগ তৈরি হয়েছিল, তা কাজে লাগাতে তারা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলেন। কিন্তু যখন সেই সমঝোতা সম্ভাবনাময় হয়ে ওঠে, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে ওঠে। এই মহলটি বাংলাদেশের ইসলামের সম্ভাবনা নষ্ট করার পাশাপাশি দেশের ও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে। তিনি আক্ষেপ করে বলেন, আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।

সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গুম তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাই চেতনার সঙ্গে স্পষ্ট গাদ্দারি। অতীতে গুমের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা ছিল সবচেয়ে বেশি। তিনি আরও যোগ করেন, অভ্যুত্থান-পরবর্তী জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএবির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।