দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ নিয়ে প্রধান বিচারপতির কড়া হুঁশিয়ারি

ভারতের রাজধানী দিল্লিতে চলমান ছাত্র বিক্ষোভের আঁচ সরাসরি এসে পড়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রমে। বিক্ষোভের জেরে শহরের একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে দিল্লির যন্তর মন্তর এলাকায় ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। এই আন্দোলনের জেরে গত কয়েক দিন ধরেই মেট্রো চলাচলে বিঘ্ন ঘটছে। বৃহস্পতিবার সকালেও দিল্লি মেট্রো কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট স্টেশনসহ মোট ১৬টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেয়।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত কঠোর বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দুপুরের খাবারের সময়ের মধ্যে বন্ধ মেট্রো স্টেশনগুলো খোলার বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তিনি নিজে ব্যক্তিগতভাবে এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।

প্রধান বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট প্রশাসনকে ইতোমধ্যে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রস্তাব দিয়েছেন যে, বৈধ সুপ্রিম কোর্ট কার্ড বা প্রক্সিমিটি পাসধারীদের যথাযথ নিরাপত্তা তল্লাশির পর স্টেশন থেকে বের হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

একই সঙ্গে, মেট্রো বন্ধ থাকার কারণে আইনজীবীরা আদালতে উপস্থিত হতে না পারায় তাদের বিরুদ্ধে কোনো বিরূপ আদেশ না দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।