ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিক্ষোভের আঁচ এখন ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিজেদের কর্মসূচি পালন করতে চাইছে সিজেপি।
আনন্দবাজারের একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার কলকাতায় মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল পাঠানো হয়েছে। দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে সিজেপির এক সদস্য নিজেকে দলের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে এই আবেদন জানিয়েছেন।
জানা গেছে, গত ১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনারের (অপরাধ দমন) দপ্তরে ইমেইলগুলো পাঠানো হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টার সময় কলেজ স্কয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে তাদের।
লালবাজারকে পাঠানো ওই ইমেইলে প্রায় দেড় হাজার মানুষের সমাবেশের কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশ ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত মিছিলের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি।
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৬: ০৪আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬: ১৫

