ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার সদরদী গ্রামে এই সংঘর্ষে সানোয়ার বেপারি নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর। সোমবার সকালে মাদরাসার মোহতামিম মুফতি মনির বেপারি এই ঘটনার প্রতিবাদ জানান। এর জের ধরে মাতুব্বর পক্ষের লোকজন তাদেরকে হুমকি দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, ঘটনার শুরুতে হাতাহাতির পর উভয় পক্ষকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তাদের মধ্যে আতিয়ার বেপারির ছেলে সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

