সাঁথিয়ায় মসজিদে ইমামতি নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

পাবনার সাঁথিয়া পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের খুতবার আগে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, যিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে, শুক্রবার দুপুরে ওই মসজিদে যান। খুতবার আগে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেন এবং ইমামতি করার ইচ্ছা প্রকাশ করেন। তার এই ঘোষণার পরপরই মসজিদে উপস্থিত বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত মসজিদের নির্ধারিত ইমামের পেছনেই সবাই জুমার নামাজ আদায় করেন।

সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল করিম অভিযোগ করেন, জামায়াতের সংসদ সদস্য রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই বিশৃঙ্খলা তৈরি করেছেন। তিনি বলেন, 'তিনি হুট করে এসে ইমাম সাহেবের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেন এবং জোরপূর্বক নামাজ পড়াতে চান। প্রতিবাদ জানালে জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা উসকানিমূলক আচরণ, ধাক্কাধাক্কি ও মারমুখী অবস্থান নেয়।'

অন্যদিকে, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, 'আমি ক্ষমতা প্রদর্শন বা জোর করে নামাজ পড়াতে যাইনি। স্থানীয়দের অনুরোধ ও আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। খুতবার সময় বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।' তিনি আরও অভিযোগ করেন যে, ঘটনার পর তার এক কর্মীর দোকানে হামলা, লুটপাট ও মারধর করা হয়েছে।

ওসি আনিসুর রহমান জানান, নামাজে ইমামতি নিয়ে বিরোধের আগাম তথ্যের ভিত্তিতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদের ভেতরে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত