ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে তিনি তার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সাময়িক বিরতি নিলেও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তিনি পুনরায় আন্দোলনস্থলে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকে ও তার দলের কর্মীরা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল নিক্ষেপ করে।
এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটি দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স-এ এক পোস্টে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন এবং এ ঘটনায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই পদক্ষেপকে ক্ষমতাসীন এনডিএ ও বিজেপির শীর্ষ নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন।

