ফ্রান্সে ভয়াবহ তাপদাহে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে বয়ে যাওয়া রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিনে ইউরোপে আরও চরম তাপমাত্রা দেখা দিতে পারে। যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশেও এই তাপপ্রবাহ প্রাণঘাতী রূপ ধারণ করেছে। বেলজিয়ামেও স্বাভাবিকের চেয়ে ৩৯ শতাংশ বেশি অর্থাৎ ১,২২২ জন অতিরিক্ত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে অর্ধেকই ৮৫ বছর বা তার বেশি বয়সী।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। তাপপ্রবাহ শুরুর পরের সপ্তাহে এ পর্যন্ত ৮ হাজার ৯৭৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি এখনো প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত নয়। দুই সপ্তাহের মৃত্যুর সংখ্যার মধ্যে যে ২ হাজার ২৫ জনের পার্থক্য দেখা যাচ্ছে, সেটিকে এক সপ্তাহ থেকে পরের সপ্তাহে সব ধরনের কারণ ও সব বয়সী মানুষের অতিরিক্ত মৃত্যুর সংখ্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত ২৪ জুন ফ্রান্সে দেশজুড়ে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। ওইদিন রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় তাপপ্রবাহের সর্বোচ্চ পর্যায়ের ‘লাল সতর্কতা’ জারি করা হয়। এছাড়া ডাচ কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, নেদারল্যান্ডসেও গত সপ্তাহে তীব্র গরমের কারণে প্রায় ৪৮০ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে।