ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।
ডিএমআরসি কর্তৃক বন্ধ ঘোষিত স্টেশনগুলোর মধ্যে রয়েছে— লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
মূলত সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে তৈরি হওয়া উত্তেজনা এবং পরবর্তীতে কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিভিন্ন সীমান্ত এলাকায় চলমান বিক্ষোভের কারণে প্রশাসন এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভের বিস্তার রোধ করা এবং বহিরাগত আন্দোলনকারীদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যেই মেট্রো স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন সংবেদনশীল স্থানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি ভবন ও প্রশাসনিক এলাকাগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বর্তমানে কড়া নজরদারি করছেন।
বর্তমানে বন্ধ রাখা স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, শুধুমাত্র ট্রেনগুলো এই নির্দিষ্ট স্টেশনগুলোতে থামছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্টেশনগুলো খুলে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে এবং যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

