ডিজিএফআইয়ের আয়নাঘরে ২৬টি নির্জন কক্ষের অস্তিত্ব পেল ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক ডিজিএফআইয়ের কুখ্যাত বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘর পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে এই পরিদর্শনে অংশ নেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই পরিদর্শনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশনের সদস্যরা এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রসিকিউশন নিশ্চিত করেছে যে, এই আয়নাঘরে মোট ২৬টি নির্জন কক্ষ রয়েছে। ঢাকা সেনানিবাসের ভেতরে কাফরুল থানার অধীন ডিজিএফআইয়ের প্রধান কার্যালয় ও মেস-বির মধ্যবর্তী একটি পুরোনো দোতলা ভবনের নিচতলায় এই বন্দিশালা অবস্থিত। সেখানে ছোট-বড় মিলিয়ে স্থায়ী ২৬টি সেল বা কক্ষ রয়েছে। এর মধ্যে কিছু সেলের আকার গড়ে ১৬ ফুট বাই ৬ ফুট এবং কিছু সেলের আকার ১২ ফুট বাই ৮ ফুট। অপেক্ষাকৃত বড় দুটি সেল 'ভিআইপি সেল' হিসেবে পরিচিত, যেখানে কোনো জানালা নেই। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুটি সাউন্ডপ্রুফ বিশেষ কক্ষ রয়েছে, যা নির্যাতন ও জিজ্ঞাসাবাদের বিভিন্ন উপকরণে বিশেষভাবে সজ্জিত ছিল। সেলের দেয়ালগুলো সিমেন্ট দিয়ে এবড়োথেবড়ো করে তৈরি এবং লোহার শিকের দরজার সঙ্গে কাঠের দরজার ব্যবস্থা ছিল। বর্তমানে জেআইসির বাইরে ‘করোনা আইসোলেশন সেন্টার’ নামে একটি সাইনবোর্ড ঝুলছে।

তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সামরিক বাহিনীর বিপথগামী সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ইসলামপন্থীদের এখানে আইনবহির্ভূতভাবে বছরের পর বছর আটক রেখে অমানবিক নির্যাতন চালাত। ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও হুমাম কাদের চৌধুরীকে এখানে দীর্ঘ সময় আটক রেখে নির্যাতন করা হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর ২৬ জন ভুক্তভোগী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও সাবেক-বর্তমান ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। মোট ১৩ আসামির মধ্যে ৩ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২৩: ০৮আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২৩: ১৯

কন্টেন্ট: সংগৃহীত