ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মোট ৩৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে আইন অমান্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা। এছাড়া অভিযানে ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন এবং ১টি ইঞ্জিন ভ্যান উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।