আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। তাই বুঝেশুনে আন্দোলন করো। তিনি আরও বলেন, যদি মনে হয় আন্দোলন করা প্রয়োজন, তবে সরাসরি আমার সঙ্গে এসে ডিবেট করো, প্রশ্ন করো। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় এবং এভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।
সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মিথ্যা অযুহাতে রাজনীতি করার কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যারা এমনটা করছে তারা মূলত দেশের উন্নতি চায় না বরং অধঃপতন চায়। তাই জনগণ তাদের নেতৃত্ব মেনে নেবে না। এসএসসির ফলাফলের বিষয়ে তিনি বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো ফলাফল করতে পারছে না, তাও সরকার খতিয়ে দেখবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ৫ শতাংশ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

