সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক (সাময়িক বরখাস্তকৃত) মোহাম্মদ ফারুকুল ইসলামকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরি হতে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়, যার সঙ্গে সরকারি কর্ম কমিশন একমত পোষণ করেছে। গত ৯ই জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রশাসন শাখা-১ এর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মোহাম্মদ ফারুকুল ইসলাম পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে গত বছরের ২৫শে সেপ্টেম্বর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত মোট ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করিয়েছিলেন। তবে নির্ধারিত ছুটি শেষে ৫ই অক্টোবর থেকে ১৯ই অক্টোবর পর্যন্ত সময় অতিবাহিত হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তিনি ধারাবাহিকভাবে ১১৯ দিন বা ৩ মাস ২৭ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অদ্যাবধি যোগ দেননি।
অভিযুক্ত এই কর্মকর্তা কোনো জবাব প্রদান না করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ এর উপবিধি (গ) অনুযায়ী ‘পলায়ন’ এর অভিযোগে একটি বিভাগীয় মামলা রুজু করা হয়। তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় এবং ই-মেইলে অভিযোগনামা ও বিবরণী পাঠানো হলেও তিনি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হননি। তদন্তে তার বিরুদ্ধে ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হওয়ার পর চলতি বছরের ৩রা মে তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি বিদেশে অবস্থান করেই নির্ধারিত সময়ের পরে ই-মেইলে সেই নোটিশের জবাব পাঠিয়েছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় তিনি আমেরিকায় পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে আবাসন সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ হুন্ডির মাধ্যমে আমেরিকায় পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, একজন উচ্চমান সহকারী ও প্রধান সহকারী তার সহযোগী হিসেবে আবাসন সিন্ডিকেট নিয়ন্ত্রণে সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।

