ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে কলেজছাত্র মো. আশরাফুল আলম রবিন (২৩) হত্যা মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। নিহত রবিনের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ নেন। গত রোববার (১৪ জুন) দুপুর ১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত রবিনের বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সর্বস্তরের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিলও করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত রবিনের বাবা মো. মোফাজ্জল হোসেন, মা মিসেস শান্তা বেগম, বড়বোন মিসেস ফাতেমা আক্তার ঝিনুক এবং কলেজ শিক্ষার্থী মো. মাহফুজ ও রিমেলসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, এমন একটি আলোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে নিহত রবিনের পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। গফরগাঁও পৌর শহরের ৮নং ওয়ার্ডের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র মো. রবিন তার জন্মদিন উদযাপন শেষে গফরগাঁও পশু হাসপাতালের বউবাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রবিন মারা যান।
