দীর্ঘদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না অভিনেতা হাসান মাসুদকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, হজ থেকে ফিরে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। অনেকে কটাক্ষ করে মন্তব্য করেন যে, আলোচনায় থাকার জন্যই তিনি এমন কথা বলেছেন। কেউ কেউ আবার তাঁর অভিনয়সত্তা নিয়ে প্রশ্ন তুলে পেশাকে খাটো করার অভিযোগও তোলেন।
তবে সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাসান মাসুদ। তিনি জানান, তাঁর সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অভিনেতা স্পষ্ট করে বলেন, তিনি কখনোই অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেননি। হাসান মাসুদ বলেন, ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।
সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আবারও নিশ্চিত করেন যে, ভালো গল্প পেলে তিনি অভিনয়ে ফিরতে আগ্রহী। অভিনয়ের সঙ্গে ধর্মচর্চাকে সাংঘর্ষিক মনে করেন না তিনি। হাসান মাসুদ বলেন, আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। তিনি জানান, গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছেন, তারা সবাই জানেন যে তিনি ২০০০ সাল থেকেই নিয়মিত নামাজ পড়ছেন। শুটিংয়ের সময় সবাই তাঁকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন এবং তিনি চেষ্টা করতেন ওই সময়ে যেন তাঁর কোনো দৃশ্যের শুটিং না থাকে। পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, বিরতির সময় হয়েছে হাসান ভাই, যান নামাজ পড়ে আসেন। এভাবেই চলত।

