আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে 'ক্রসফায়ার'-এর নামে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজিত 'স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি একই সঙ্গে গত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের এবং জুলাইয়ের আহত যোদ্ধাদের স্মরণ করেন। আসাদুজ্জামান বলেন, হাসিনার শাসনামলে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। এছাড়া বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, এমনও নজির রয়েছে যেখানে বহু আগে মারা যাওয়া ব্যক্তি, হজে থাকা মানুষ কিংবা দুই হাত হারানো প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধেও বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল। তার মতে, জুলাই গণঅভ্যুত্থান ছিল এই দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের এক সফল পরিণতি।
আবৃত্তিচর্চাকে দেশের শিল্প-সংস্কৃতির অন্যতম শাখা হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর জাতীয় সংসদে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের প্রশংসা করে বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে জুলাইয়ের চেতনা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা কবিতা ও সাহিত্যের মাধ্যমে গণতান্ত্রিক চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আইনমন্ত্রীর সহধর্মিণী শিরিন সুলতানা, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

