বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি আরও বলেন, হিটলার বা মুসোলিনির মতো ফ্যাসিস্টরা জাতিগত নিপীড়নের মাধ্যমে লাখ লাখ মানুষ হত্যা করলেও তারা নিজেদের জাতিকে শক্তিশালী করার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনা টাকা পাচার, ব্যাংকের অর্থ লুট, শেয়ারবাজার লুণ্ঠন ও সরকারি জমি দখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার দাবি, হিটলার বা মুসোলিনি ভয়ংকর খুনি হলেও তাদের নিজ দেশের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু শেখ হাসিনার মূল এজেন্ডা ছিল জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করা।
রিজভী বলেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহে চোরাপথে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতাকে চিরস্থায়ী করতে তারা জনগণের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। তিনি জুলাই গণ-অভ্যুত্থানকে জনগণের সুপ্ত শক্তির পারমাণবিক বিস্ফোরণ হিসেবে বর্ণনা করে বলেন, এই শক্তি উপলব্ধি করতে না পেরে শেখ হাসিনা বারবার পাতানো নির্বাচন করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, যেখানে বিশ্বের দু-একটি দেশ ছাড়া কারো সমর্থন ছিল না।

