শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার চাপে আছে: আসিফ হোসেন

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে ভারত সরকার বর্তমানে এক ধরনের চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

আসিফ হোসেন জানান, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে অতীতে বেশ কয়েকবার শোনা গিয়েছিল যে, শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তিনি বলেন, শুরুতে তার সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অনলাইনে তাকে যুক্ত হতে দেখা গেছে। সবশেষ পর্যায়ে তাকে আর দেখাই যাচ্ছে না, কেবল কণ্ঠ শোনা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে স্পষ্ট যে, ভারত সরকার নিজেও একটি চাপের মধ্যে আছে এবং শেখ হাসিনা হয়তো সেখানে অবাধে চলাফেরা করতে পারছেন না।

শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আসিফ বলেন, আমরা জানতে পেরেছি তারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো দেশই তাকে সেই সুযোগ দিচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে, যা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর্যায়ে রয়েছে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ৫ আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দ্রুত কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত