১০ লাখ টাকায় মাদক ছেড়ে দেওয়ায় ৪ পুলিশ ক্লোজড

লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের একটি বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্লোজ হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই চার পুলিশ কর্মকর্তা হাতীবান্ধার বোর্ডের হাট বাজার এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামতগুলো থানায় না নিয়ে কৌশল পরিবর্তন করে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বৈঠক করে রফাদফার একপর্যায়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালানটি ছেড়ে দেন। পরবর্তীতে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি প্রকাশ্যে আসে।

এই ঘটনার পরদিন, অর্থাৎ ১৮ জুলাই, অভিযানিক দলটি উপজেলার ভবানিপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে গ্রামবাসীর তোপের মুখে পড়ে। এমন অভিযোগ ওঠার পর জেলা পুলিশ অভিযুক্তদের লালমনিরহাট পুলিশ লাইনসে ক্লোজ করে এবং একইসাথে ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ৪ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেনেছি।’

কন্টেন্ট: সংগৃহীত