বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় নিহত ৩

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন বলে সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

পরবর্তীতে রয়টার্স ইয়েমেনের কোস্টগার্ডের দুই কর্মকর্তা এবং সরকারের সামরিক বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনে ওই তিন নাবিকের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল মোক্কার উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। এদিকে মঙ্গলবার ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজকে ঘিরে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও জানিয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনার বিষয়ে তারা একটি কনটেইনার জাহাজ থেকে রিপোর্ট পেয়েছে।

প্রাথমিকভাবে জাহাজটিকে ট্যাংকার হিসেবে উল্লেখ করা হলেও পরে সেটিকে কনটেইনার জাহাজ হিসেবে সংশোধন করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের উপকূলের কাছে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র পৃথকভাবে জানিয়েছে, পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ভেলা নোভা' মঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়ে থাকতে পারে। জাহাজটি তখন পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে ছিল।