লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে হামলার পর ভারতীয় জাহাজডুবি

ইয়েমেন উপকূলের অদূরে লোহিত সাগরে হামলার শিকার হয়ে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। হামলার পরপরই জাহাজটি উল্টে যায় এবং পরবর্তীতে সাগরের তলদেশে তলিয়ে যায়। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। উল্লেখ্য, হোদেইদা বন্দরটি বর্তমানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। উদ্ধার অভিযানে তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক এবং একজন ইয়েমেনের নাগরিক।

এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের পতাকাবাহী জাহাজে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা কয়েক দিন আগেই অবরোধের ঘোষণা দিয়েছিল। তাদের দাবি অনুযায়ী, সৌদি আরবের কোনো পণ্যবাহী জাহাজকে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগর অতিক্রম করতে দেওয়া হবে না।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯: ২৩আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯: ৪৮

কন্টেন্ট: সংগৃহীত