দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় একটি ভবনের ভেতরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইসরাইলি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই এলাকায় বিস্ফোরকভর্তি একটি ভবনের ভেতর আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে অন্তত দুইজন ইসরাইলি সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে তৃতীয় আরেকজন সেনার জীবন বাঁচানোর জন্য জরুরি অস্ত্রোপচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
নিহত ও আহত সকল সেনা ইসরাইলি বাহিনীর ৫৫তম ব্রিগেডের সদস্য ছিলেন। দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলে ইসরাইলি বাহিনী তাদের আগ্রাসী অভিযান পরিচালনা করে আসছে।
এর আগে, দক্ষিণ লেবাননে একটি কঠোর নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হলে বেশ কয়েকজন গুরুতর আহত সেনাকে হেলিকপ্টার ও তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে স্থানান্তর করা হয়।

