সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রে আকস্মিক হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি অনুযায়ী, ইরানশাহর এলাকায় তাদের নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নাম ব্যবহার করে এই অভিযানটি চালানো হয়। আইআরজিসি দাবি করেছে, মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাব হিসেবেই তাদের মহাকাশ বাহিনীর যোদ্ধারা এই হামলা পরিচালনা করেছে। ইরানশাহরের বাম্পুরে শহীদ হওয়া সেনাদের প্রতি এই অভিযান উৎসর্গ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হামলার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে আইআরজিসি দাবি করেছে, এই আক্রমণে শত্রুপক্ষের একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান পরিচালনার হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া ইরানশাহরে নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা এই হামলায় নিহত হয়েছে বলেও সংগঠনটি দাবি করেছে।

বিবৃতিতে ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এখনো তাদের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছে।