ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি বর্তমানে তার দায়িত্ব বহাল আছেন এবং আগের মতোই নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। সাক্ষাৎকারটি প্রচারের আগেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এর কিছু অংশ প্রকাশ করে। বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। সামরিক বাহিনীর সঙ্গে এমন সমন্বয় বজায় রাখার বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন।
পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব। তিনি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা নিজেই ঘোষণা করবেন। কিন্তু বর্তমানে তিনি পদত্যাগ করবেন না এবং নিজের দায়িত্বের জায়গায় অটল থাকবেন। একই সঙ্গে তিনি তার প্রশাসন ও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির মধ্যে কোনো ধরনের মতবিরোধ বা বিভেদ নেই বলেও দাবি করেন। কিছু মহল তাদের মধ্যে মতবিরোধ রয়েছে এমন ধারণা তৈরি করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

