ইসরায়েলে হামলার সুনির্দিষ্ট কারণ জানাল আইআরজিসি
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে আরও বড় ধরনের জবাবের একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল যদি তার আগ্রাসন অব্যাহত রাখে, তবে কেবল ইসরায়েলই নয়, এই অঞ্চলে তাদের সমর্থকদের বিরুদ্ধেও আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইসরায়েলি বাহিনীকে অবশ্যই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের জনগণের ওপর হামলা জোরদার করছে।
জোলফাকারি আরও বলেন, ‘জায়নবাদী সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে। তারা যদি ওই অঞ্চলে হামলা আরও বিস্তৃত করে বা ইরানের পদক্ষেপের জবাব দেয়, তাহলে আরও কঠোর ও অনুশোচনীয় আঘাতের মুখোমুখি হবে।’
তিনি আরও সতর্ক করে দেন যে, ইসরায়েল এবং তার আঞ্চলিক সমর্থকদের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক হামলা’ শুরু করা হতে পারে, যদি বর্তমান পরিস্থিতির আরও অবনতি ঘটে।
এর আগে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তেহরানের দাবি অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলও পাল্টা হামলা অব্যাহত রেখেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

