জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রবাসীদের

জুলাইয়ের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সপ্রবাসী সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। মঙ্গলবার প্যারিসের একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রাঙ্কো বাংলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রাঙ্কো বাংলার সভাপতি শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট তানভীর আহমদ তোহা, যিনি জুলাই আন্দোলনের পটভূমি, এর তাৎপর্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা জোর দিয়ে বলেন, জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা বৃদ্ধি করা অপরিহার্য। ভবিষ্যতে যেন কোনো স্বৈরতান্ত্রিক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।

নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ইউরো বার্তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের ওপর জোর দেন। সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণা উল্লেখ করেন, জুলাই আন্দোলনে প্রবাসীরা সংহতি প্রকাশ করেছেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মনোয়ার পাটোয়ারী, হাবিবুল্লাহ ফাহাদ, খালিদ মাহমুদ, কাজী হাবিব, শাহ সোহেল আহমেদ, কামরুল, সরদার হাসান ইলিয়াছ তানিম, এমডি নুর, ইকবাল মোহাম্মদ জাফর, ইয়াসির আরাফাত খান খোকন, আবুল কালাম মামুন, শাহ সাইফুল ইসলাম, ওয়াদুদ তানভীর, সায়েম জামিল ও একরামুল কবির সালমানসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, শিক্ষার্থী, গবেষক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত