খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে, নিরাপত্তার কারণে অনুপস্থিত মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এই শোকাবহ অনুষ্ঠানে খামেনির তিন ছেলে মাসুদ খামেনি, মেইসাম খামেনি এবং মোস্তফা খামেনি সশরীরে অংশ নিয়েছেন। তবে খামেনির ছেলে এবং তার সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তিনি অনুষ্ঠানে যোগ দেননি।

রোববার অনুষ্ঠিত এই জানাজায় আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের নিহত চার সদস্যের জানাজার ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

জানাজার এই আয়োজনে ইরানের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গুলামহোসেইন মোহসেনি এজেই। এছাড়া ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমাদ বাহিদি এবং আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিও জানাজার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।