শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, আইনানুগ ব্যবস্থা নেবে সরকার

আদালতের নির্দেশ অমান্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ৫ আগস্ট কোনো বক্তব্য দিলে তা গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে সেটি আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এমনটি ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।

তিনি আরও বলেন, কেউ যদি কালকে বক্তব্য প্রচারের বিষয়টি আগাম জানায় এবং তা প্রকাশ করে, তবে তা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে এবং সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে। এর আগে যারা এমন কাজ করেছিলেন তাদের সতর্ক করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা এবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে কেউ যেন এই কাজ না করেন। কারণ এটি আদালতের নির্দেশ রয়েছে।

তথ্য উপদেষ্টা স্পষ্ট করেন যে, সরকার নিজে আদালত নয়, বরং আদালতের আদেশ বাস্তবায়ন করাই তাদের দায়িত্ব। তিনি বলেন, কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া উচিত নয়, তবে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন এবং আদালতের আদেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। ডা. জাহেদ উর রহমান জানান, আদালতের আদেশ লঙ্ঘনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রতিষ্ঠানগুলোকে আবারও সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত