বাংলাদেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই নতুন প্রাণহানির মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আটশ ছাড়িয়ে গেল।
বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, হাম ও এর উপসর্গজনিত কারণে এখন পর্যন্ত মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৩৭ জন রোগী শনাক্ত হয়েছে।
গত চার মাস ধরে বাংলাদেশ হামের প্রকোপে বিপর্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, গত বছরের ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম বা হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। এই সংখ্যাটি ওই সময়ে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।
জেনেভায় অবস্থিত ডব্লিউএইচও সদর দপ্তরের প্রাথমিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, সংস্থাটি ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম আক্রান্ত রোগীর তথ্য পেয়েছে। এর মধ্যে হাম সংক্রমণের শীর্ষে রয়েছে বাংলাদেশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতে এই সময়ে ২৬ হাজার ৬০৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১৪ হাজার ৫২১ জন রোগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। শীর্ষ দশের তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন, কাজাখস্তান, গুয়েতেমালা, অ্যাঙ্গোলা ও সুদান।
চলতি বছরের শুরুর দিকেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং দ্রুত রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে এই রোগের সংক্রমণের তথ্য নিয়মিত প্রকাশ শুরু করে।
প্রতিবেদনে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময়ে দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ৬০৭ জন। যুদ্ধপীড়িত ইয়েমেন ১৪ হাজার ৫২১ রোগী নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষ ১০টি দেশের মধ্যে এরপর রয়েছে মেক্সিকো (১২,৪৯৫), পাকিস্তান (১১,০৩৭), ক্যামেরুন (৯,৬৫৩), কাজাখস্তান (৭,৭৩০), গুয়েতেমালা (৬,৮৩২), অ্যাঙ্গোলা (৬,৮১৫) ও সুদান (৫,৭৬৬)।

