বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, 'কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।'
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই এবং তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ জনগণ কখনোই দেবে না। আওয়ামী লীগের বিদেশ থেকে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাকে সরকার গুরুত্ব দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তারা মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে বা চিৎকার-চেঁচামেচি করতে পারে, তবে সরকার এসব বিষয়কে আর গুরুত্ব দিচ্ছে না।
অপহরণের মতো অপরাধ দমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি পর্যালোচনার জন্য জিওসিকে অনুরোধ জানানো হয়েছে এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের অনুরোধ করা হবে। এর মাধ্যমে এ ধরনের ঘৃণ্য অপরাধ কার্যকরভাবে দমন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ ও বন্দরকে কাজে লাগিয়ে দেশ বিপুল রাজস্ব আয় করতে পারে। নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করছে। কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
ফ্যাসিবাদী সরকারের সময় যত্রতত্র ইসিএ এলাকা ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জরিপ চালিয়ে পর্যটন বিকাশের জন্য তা পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন নয়, বরং পরিবেশ সংরক্ষণ করেই পর্যটন সম্প্রসারণ করতে হবে। এছাড়া কক্সবাজারে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ বাড়াতে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না।

