ইরানের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরানের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির উপকণ্ঠের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানা গেছে। দ্বীপটি থেকে তাসনিমের সংবাদদাতা জানান, নিরাপত্তা কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা তাসনিমের কাছে দাবি করেছেন, কেশম দ্বীপের উপকণ্ঠের কয়েকটি স্থানে এই হামলা হয়েছে। তাঁদের কেউ কেউ ধারণা করছেন, তিন থেকে পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এই তথ্য এখনো আনুষ্ঠানিক নয়। এদিকে ইরানি সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠের একটি স্থানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। তবে তাদের দাবি অনুযায়ী, এই হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হননি এবং কোনো আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নগরীর বিভিন্ন অংশে কয়েকটি বিস্ফোরণ হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। তবে প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাত বা মার্কিন যুদ্ধবিমানের হামলার কোনো খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোয় বন্দর আব্বাস ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর খামির এলাকায় একটি সেতুতে মার্কিন বিমান হামলায় অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সোগান্দ দার্দমান্দ ও ফাতেমেহ জাহরা আকবরি নামে দুই মেয়ের পরিচয় নিশ্চিত করেছে ভারতে ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সেতুটিতে হামলা চালানো হয়। ইরানি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোয় মার্কিন হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

আহত হয়েছেন ৫০০ জনের বেশি।.জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র–ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত, নিখোঁজ ১