নিট প্রশ্নফাঁস: অপরাধীদের ছাড় নয়, কঠোর হুঁশিয়ারি মোদির

ভারতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘নিট’ এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করে বলেছেন, পরীক্ষা ব্যবস্থার সততা ও স্বচ্ছতা বজায় রাখা কেবল সরকারের একক কাজ নয়, বরং এটি পুরো জাতির একটি যৌথ দায়িত্ব।

মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারতের কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এই মনোভাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রিজিজুর দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী দেশে একটি ত্রুটিমুক্ত ও নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতি গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণদের স্বার্থ ও ভবিষ্য়তের কথা বিবেচনায় রেখে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সংসদে বিরোধী দলগুলোকেও গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

পরীক্ষায় অনিয়ম ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে সম্প্রতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে প্রতিবাদে নামেন তরুণ শিক্ষার্থীরা। পার্লামেন্ট অভিমুখে আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মতো কঠোর পদক্ষেপের পরদিনই নরেন্দ্র মোদির এই মন্তব্য সামনে এলো। প্রতি বছর প্রায় ২০ লক্ষাধিক শিক্ষার্থী ভারতের অন্যতম কঠিন এই ভর্তি পরীক্ষায় অংশ নেয়। মে মাসে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে তা বাতিল করে পরবর্তীতে পুনঃপরীক্ষা নেওয়া হয়। অন্যদিকে, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) অনলাইন মূল্যায়ন পদ্ধতি নিয়েও চরম অনিয়ম ও ভুল ফলের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছেন লাখ লাখ পরীক্ষার্থী।

সরকারের অবস্থান ব্যাখ্যা করে কিরেন রিজিজু জানান, প্রশ্নফাঁসের খবর আসার পরপরই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই অনতিবিলম্বে পুনরায় পরীক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন মোদি। এদিকে, শিক্ষার্থীদের এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে অনশনরত বিশিষ্ট লাদাখি সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা সত্ত্বেও তিনি আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের প্রতিবাদে হাসপাতাল থেকেই পুনরায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে চলমান জাতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রাক্কালে দেওয়া বক্তব্যে রাজপথের এই আন্দোলন নিয়ে মোদি সরাসরি কোনো মন্তব্য করেননি।