মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ছিনতাইকারী আটক

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে আটক করেন সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে তিনি উপস্থিত জনসাধারণের সহযোগিতা নিয়ে মো. রাজুকে ধরে ফেলেন।

আটকের পর রাজুর কাছ থেকে ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করা সম্ভব হয়। পরে উদ্ধারকৃত কানের দুলটি ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।