ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বর্ষণের জেরে একটি স্কুল বাসের ওপর বিশালাকার গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুঃখজনক ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটি তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল এবং ওই গাড়িতে মোট ১২ জন শিক্ষার্থী ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই বাসের কন্ডাক্টর এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই বাসের ভেতরে আটকে পড়া ১২ জন শিক্ষার্থীকেই অক্ষত বা আহত অবস্থায় বের করে আনা হয়।
আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামের এক শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় জেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অপর চার শিক্ষার্থীর আঘাত গুরুতর নয় এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন যে, ওই এলাকায় আগেও একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) অবহিত করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
