জুলাইয়ের ‘খালি হাতে ফেরা’ বিপ্লবীদের কৃতজ্ঞতা জানালেন নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে অংশগ্রহণকারী পাঁচ শতাধিক ‘বিপ্লবীকে’ ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতার বার্তা পাঠিয়েছেন। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তিনি এই বার্তাগুলো পাঠান। নাহিদ ইসলামের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বার্তাগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি ‘এক দফার আসল ঘোষক ও জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম জানান, জুলাইয়ের দিনগুলোতে যারা তাকে সমর্থন জুগিয়েছেন সমর্থন, দোয়া করেছেন বা রাস্তায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন—এমন অনেক অপরিচিত মানুষের কথা ভেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশা-ভ্যান চালক, ডাক্তার এবং সাধারণ শিক্ষার্থী—যাদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অংশগ্রহণ ছাড়া এই গণ-অভ্যুত্থান সফল হতো না। তিনি বলেন, যেই ছেলেটা প্লেস্টেশন এবং ক্রিপ্টোকারেন্সির বাইরে কিছু বোঝে না, যে মেয়েটার জীবন কিয়োশি থেকে ক্রিমসন কাপ পর্যন্ত সীমাবদ্ধ, যারা কখনো সরকারি চাকরি করার কথাই ভাবেনি, বিএএফ শাহীন কলেজের শহীদ আহনাফের মতো ছাত্র রাজনীতি করারও বয়স হয়নি, সেই ছেলেমেয়েরা জুলাইয়ে আবাবিল পাখির মতো নেমে এসে স্বাধীনতা দিয়ে গেছে।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে নাহিদ ইসলাম লিখেছেন, জুলাইয়ের বিপ্লবকে বর্তমানে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর মতো দলগুলো নিজেদের মধ্যে ‘স্টেক’ বা ভাগবটোয়ারা করে ফেলেছে। তিনি বলেন, জুলাই কেবল রাজনৈতিক কর্মীদের ছিল না, বরং এটি ছিল সর্বস্তরের সাধারণ মানুষের, যারা এখন আর মিছিল বা সংবর্ধনায় অংশ নেন না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি গত দুই দিন যতটা সম্ভব কৃতজ্ঞতা বার্তা পাঠানোর চেষ্টা করেছেন।

নাহিদ ইসলাম আরও জানান, মানবিক সীমাবদ্ধতার কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অনেকেই হয়তো বার্তাটি পাননি কারণ তা স্প্যাম ফোল্ডারে চলে গেছে অথবা অনেকের মেসেজ অপশন বন্ধ ছিল। যারা বার্তা পাননি, তাদের আশ্বস্ত করে তিনি লিখেছেন, ‘নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভুলে যাইনি।’ এছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে এখনো অনেক পথ বাকি এবং বহুপক্ষীয় বাধার কারণে সব স্বপ্ন পূরণ না হলেও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আমৃত্যু চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যারা এই বার্তা পেয়েছেন, তাদের মধ্যে অনেকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বার্তার স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন। এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (পুনাব) সহসভাপতি লাবিব মুহাম্মদও রয়েছেন, যিনি লিখেছেন, ‘নাহিদ ইসলাম ভাই আমি লিটারেলি কানতেছি।’

কন্টেন্ট: সংগৃহীত