জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষ্যে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বিশেষ স্মারক ডাক টিকিট উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাক টিকিটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি উদ্বোধনী খামও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান।
উল্লেখ্য যে, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করা হয়। এই দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ নিয়মিতভাবে স্মারক ডাক টিকিট, ডাটাকার্ড ও উদ্বোধনী খাম প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে যারা অবদান রাখছেন, তাদের কাজের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনগণের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
