কর নথি বা ফাইল অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। রবিবার (৫ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এনবিআর জানিয়েছে, সম্প্রতি এক শ্রেণীর প্রতারক বিভিন্ন মুঠোফোন নম্বর ব্যবহার করে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে যে, সংশ্লিষ্ট করদাতার কর নথি অডিটের আওতায় পড়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, অডিট সংক্রান্ত যেকোনো বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে যোগাযোগ করেন না। যদি কোনো কর নথি অডিটের জন্য নির্বাচন করা হয়, তবে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই করদাতাকে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার রাখেন না।
এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। একই সঙ্গে, এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বরটি সংরক্ষণ করার অনুরোধ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে কোনো অবস্থাতেই ব্যক্তিগতভাবে কোনো আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

