বিএমইউ ক্যাম্পাসে নিনমাসে নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগার উদ্বোধন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ গবেষণা কার্যক্রম ও রোগ নির্ণয় সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন একটি রিসার্চ সেল এবং আধুনিক গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের ডি ব্লকের ১১তলায় নতুনভাবে নিউক্লিয়ার ক্যাফের কার্যক্রমও শুরু হয়েছে। মঙ্গলবার বিএমইউর ডি ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক বিশেষ মতবিনিময় ও পুনর্মিলনী সভার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান অধ্যাপক, বিজ্ঞানী, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নিউক্লিয়ার মেডিসিনকে চিকিৎসা, বিজ্ঞান এবং মানবকল্যাণের এক অনন্য সমন্বয় হিসেবে অভিহিত করেন। তারা বলেন, রোগ নির্ণয় থেকে শুরু করে আধুনিক চিকিৎসার প্রতিটি ধাপে এই বিশেষায়িত শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বক্তারা জানান, তার তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আধুনিকায়িত গ্রন্থাগারটির নামকরণ করা হয়েছে নিউক্লিয়ার মেডিসিনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. এম. এ. করিমের নামে, যা তার অসামান্য অবদানের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। স্মৃতিচারণমূলক পর্বে প্রাক্তন চিকিৎসক ও বিজ্ঞানীরা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। সবশেষে পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী বলেন, দেশের রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এবং গবেষণা ও চিকিৎসাকে আরও সম্প্রসারিত করতে নিনমাস ভবিষ্যতে নিরলসভাবে কাজ করে যাবে।

কন্টেন্ট: সংগৃহীত