নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মঙ্গলবার ভোর ৬টার দিকে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ট্রাকটি যশোরের বেনাপোল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করছিল। পথিমধ্যে মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে তরল নাইট্রোজেন বেরিয়ে আসতে শুরু করে।
বিস্ফোরণের ফলে ট্রাক থেকে নির্গত তরল নাইট্রোজেন মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়া বা কুয়াশার মতো ঘন গ্যাসে রূপ নিয়ে আশপাশের ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা আচ্ছন্ন করে ফেলে। ঘটনাস্থলের কাছে থাকা মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে মানুষ দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।
প্রাথমিক তথ্যানুযায়ী, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল, যার পুরোটা বেরিয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।

