নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি মাছবাহী পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক মো. আমিনুল হক নিহত হয়েছেন। সোমবার ভোরে কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল হক ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। তার বয়স হয়েছিল ৩০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে মাছবাহী একটি পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালক আমিনুল হক ও অটোরিকশার যাত্রী সৈকত গুরুতর আহত হন। সৈকত যশোর ক্যান্টনমেন্টে কর্মরত একজন সেনাসদস্য।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

