নওফেলের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

চট্টগ্রামের চশমা হিল এলাকার মেয়র গলিতে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে সেখানে আগুনের সূত্রপাত হয়। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর সাবেক মন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকার পতনের পর গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে দুই দফা হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল এবং গত বছরের ডিসেম্বর মাসে একই ঠিকানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

কন্টেন্ট: সংগৃহীত