টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল এবং শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, কেবল সরকার নয়, বরং গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র কোনোভাবেই কেবল নির্বাচননির্ভর ব্যবস্থা নয়, বরং এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চাকে আরও জোরদার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা না গেলে গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না।
সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, সত্য প্রকাশই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। কোনো ধরনের সেল্ফ সেন্সরশিপের আশ্রয় না নিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আরও বলেন, শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে, যাতে মতপ্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার চর্চা বৃদ্ধি পায়।
সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সরকার, গণমাধ্যমের মালিকপক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে।
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

