বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।

এর আগে সোমবার তেলের বাজারে হঠাৎ করেই বড় ধরনের উত্থান দেখা দেয়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ৩১ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধির মূল কারণ হলো ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের কারণে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতার পথ সংকুচিত হয়েছে। এই পরিস্থিতির ফলে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।