নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মূর্তিটিকে ১১-১২ শতকের উচ্চমানের একটি মূল্যবান নিদর্শন হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) রাতে পত্নীতলা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের কাছে গোপন তথ্য আসে যে, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের পুরাতন আকাশমনি বাগানে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র মূর্তিটি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার পরবর্তী স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার দ্বারা প্রাথমিকভাবে এটিকে কষ্টি পাথরের মূর্তি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর কার্যালয়ের প্রতিনিধিরা সরেজমিনে পরীক্ষা করে এটিকে ১১-১২ শতকের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিশ্চিত করেন। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

