শিক্ষার প্রকৃত দর্শন: মুখস্থবিদ্যার বাইরে মানব বিকাশের পথ

শিক্ষাকে বর্তমানে প্রায়ই তথ্য জানা, সনদপত্র অর্জন এবং কর্মসংস্থান নিশ্চিত করার একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। যদিও এই লক্ষ্যগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু শিক্ষার প্রকৃত দর্শন এর চেয়েও গভীর। মূলত শিক্ষা কেমন মানুষ তৈরি করবে, সেটিই আজকের বড় প্রশ্ন। বাংলাদেশসহ বিভিন্ন সমাজে শিক্ষাগত সাফল্যকে পরীক্ষার নম্বর, গ্রেড-পয়েন্ট এবং নামি প্রতিষ্ঠানে ভর্তির নিরিখে বিচার করা হয়। শিক্ষার্থীরা বছরের পর বছর তথ্য মুখস্থ করে এবং পাঠ্যবইয়ের উত্তর পুনরুৎপাদন করে পরীক্ষার প্রস্তুতি নেয়। অথচ পরীক্ষায় ভালো ফল করা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা এবং সমাজে অর্থবহ অবদান রাখার সক্ষমতার অভাব পরিলক্ষিত হয়। বিদ্যমান শিক্ষাব্যবস্থায় প্রজ্ঞা, চরিত্র ও মানব সম্ভাবনার বিকাশ যেন অনুপস্থিত এবং শিক্ষা কেবল তথ্য সঞ্চালনের প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

ইতিহাসের মহান চিন্তাবিদেরা শিক্ষার মূল লক্ষ্য হিসেবে স্বাধীন চিন্তাকেই গুরুত্ব দিয়েছেন। অ্যারিস্টটল মনে করতেন শিক্ষা মানুষকে যুক্তিবোধসম্পন্ন ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মাধ্যমে মনের মুক্তি চেয়েছিলেন, আর স্বামী বিবেকানন্দ একে অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ হিসেবে দেখেছেন। সক্রেটিস বক্তৃতার চেয়ে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও সত্য আবিষ্কারে উৎসাহিত করতেন। তাঁদের সবার অভিন্ন বিশ্বাস ছিল যে, শিক্ষা ব্যক্তিকে একজন স্বাধীন চিন্তক হতে সাহায্য করে। একবিংশ শতাব্দীর এই আধুনিক ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে তথ্য মুখস্থ করার চেয়ে বিশ্লেষণ, ব্যাখ্যা, উদ্ভাবন ও অভিযোজনের ক্ষমতা অনেক বেশি মূল্যবান।

দুঃখজনকভাবে, অনেক শিক্ষাব্যবস্থা এখনো মুখস্থবিদ্যার ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের মৌলিক ধারণা তৈরির বদলে প্রতিষ্ঠিত উত্তর লেখার জন্য পুরস্কৃত করা হয় এবং শিক্ষকদের ওপর পাঠ্যসূচি শেষ করার চাপ থাকে। এর ফলে শিক্ষার্থীরা অচেনা বাস্তব সমস্যার মুখে খেই হারিয়ে ফেলে। শিক্ষার সার্থক দর্শনের জন্য কেবল কী শিখছে তা নয়, বরং কীভাবে শিখছে সেই শিক্ষণপ্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। শ্রেণিকক্ষ হওয়া উচিত আলোচনা, বিতর্ক ও আত্মচিন্তার জায়গা, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান নির্মাণের সক্রিয় অংশীদার হবে।

শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো বাস্তব জীবনের সঙ্গে এর সংযোগ। তাত্ত্বিক ধারণার পাশাপাশি প্রকল্পভিত্তিক শিক্ষা, ইন্টার্নশিপ, মাঠকর্ম এবং গবেষণার মাধ্যমে তত্ত্ব ও বাস্তবের ব্যবধান কমানো সম্ভব। এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগদক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। যে জাতি এই নীতি বোঝে, তারা কেবল পরীক্ষায় নয়, বরং মানব সম্ভাবনার বিকাশে বিনিয়োগ করে। শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের মাধ্যম নয়, বরং এটি সহমর্মিতা, নাগরিক দায়িত্ববোধ ও নৈতিক সচেতনতা তৈরির মাধ্যম। ফিনল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলো সৃজনশীলতা, নৈতিক শিক্ষা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তাদের শিক্ষাব্যবস্থাকে ভবিষ্যৎমুখী করেছে।

বাংলাদেশের জন্য এই শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাক্ষরতার হার বৃদ্ধিতে অগ্রগতি থাকলেও মানসম্মত শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণের উন্নয়ন এবং মুখস্থনির্ভর পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রশাসনিক সংস্কারের পাশাপাশি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে নতুন উপলব্ধি প্রয়োজন। শিক্ষানীতিতে সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশকে অগ্রাধিকার দিতে হবে এবং মূল্যায়ন পদ্ধতিতে কেবল মুখস্থবিদ্যা নয়, বরং অর্জিত জ্ঞানের প্রয়োগ যাচাই করতে হবে। পরিশেষে, শিক্ষা কেবল অর্থনীতির জন্য কর্মী প্রস্তুত করার বিষয় নয়, বরং এটি জীবনের জন্য মানুষ তৈরি করার প্রক্রিয়া। এর সর্বোচ্চ উদ্দেশ্য হলো এমন ব্যক্তি গড়ে তোলা, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারেন এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারেন।

উল্লেখ্য, এই নিবন্ধটি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ আয়োজিত ‘উচ্চশিক্ষায় রূপান্তরের জন্য উদ্ভাবন, উৎকর্ষ ও গুণমান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এ উপস্থাপিত ‘স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা ও বাস্তব জীবনের সমস্যা সমাধান: দর্শন, শিক্ষণ-পদ্ধতি, পাঠ্যক্রম’ প্রবন্ধের অংশবিশেষ। ১২-১৩ জুন অনুষ্ঠিত এই সম্মেলনটি আয়োজনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অধ্যাপক আবদুর রাজ্জাক, অধ্যাপক শাহ্‌রিয়ার কবীর, অধ্যাপক এম এ আওয়ালসহ একঝাঁক তরুণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেছেন।