ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্প্যানিশ অধিনায়ক রদ্রি নিজেদের মিডফিল্ড নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তার দাবি, তারকাখচিত স্প্যানিশ মিডফিল্ড পর্তুগালের মিডফিল্ড ত্রয়ীর চেয়েও শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের ডালাসে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে রদ্রি জানান, পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছে। তিনি বলেন, ‘ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ এবং আমাদের খুব ভালো করে চেনে। পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।’
পর্তুগালের ভিতিনিয়া, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্দেসের বিপক্ষে রদ্রি, পেদ্রি এবং দানি ওলমোর লড়াইটি ফুটবলপ্রেমীদের নজরে থাকবে। মিডফিল্ডের শ্রেষ্ঠত্ব নিয়ে রদ্রি বলেন, ‘আমার কাছে নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। ওদের দলে শীর্ষ সারির খেলোয়াড় রয়েছে এবং তারা দলগতভাবে দারুণ। তবে আমরা মাঠে প্রমাণ করতে চাই যে আমরাই সেরা।’
চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। শেষ বত্রিশের ম্যাচে তারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে। অন্যদিকে, পর্তুগাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। রদ্রি মনে করেন, টুর্নামেন্টের নকআউট পর্বে এসেই স্পেনের আসল রূপ প্রকাশ পাচ্ছে। তিনি যোগ করেন, ‘আমরা জানি ঠিক কোন মুহূর্তে জ্বলে উঠতে হবে। সামনে বড় কিছু হতে চলেছে।’
২০২৪ সালে ব্যালন ডিঅর জেতার পর চোটের কারণে কিছুটা কঠিন সময় পার করা রদ্রি এখন নিজেকে পুরোপুরি ফিট দাবি করেছেন। তিনি বলেন, ‘ম্যাচের ৯০ মিনিট জুড়েই আমার পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্স তত বাড়বে।’
রদ্রির মতোই নিজের খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রেখেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও নিশ্চয়ই তার খেলোয়াড়দের নিয়ে আমার মতোই ভাবেন। প্রতিপক্ষ হিসেবে তারা অসাধারণ, কিন্তু আমার খেলোয়াড়রাই বিশ্বের সেরা।’
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও স্পেনের এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।
চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। সবশেষ রাউন্ড অব ৩২-র ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পর্তুগাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে পা রেখেছে।
